স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উদ্ধারকারী ট্রেনের একটি ট্রলির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এ ঘটনায় স্বপন নামে রেলওয়ের এক কর্মী আহত হয়েছেন। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শুক্রবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে আখাউড়া রেলওয়ে স্টেশনের ইয়ার্ডের কাছে এ ঘটনা ঘটে।
আখাউড়া রেলওয়ে স্টেশনের কেবিন মাস্টার মাইনুল হক জানান, বিকেলে স্টেশনের ইয়ার্ড থেকে উদ্ধারকারী ট্রেনটি সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় ট্রেনটির একটি ট্রলির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
তিনি আরও জানান, লাইনচ্যুত ট্রলিটি দ্রুত উদ্ধার করে রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে।