নিজস্ব প্রতিবেদন:
চট্টগ্রামের সীতাকুণ্ডে গণভোটের রায় অমান্য ও তা বাস্তবায়নে গড়িমসির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য জোট, চট্টগ্রাম উত্তর জেলা।
রবিবার (১২ এপ্রিল) বাদে আসর সীতাকুণ্ডের হাসান গোমস্তা মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়। এতে জোটের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নিয়ে বিভিন্ন স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা।
মিছিলটি সীতাকুণ্ড ডিটি রুট হয়ে উত্তর বাইপাস সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আলিয়া মাদ্রাসা সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক বিশাল সমাবেশে পরিণত হয় কর্মসূচিটি।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, গণভোটের মাধ্যমে জনগণের যে রায় প্রকাশ পেয়েছে, তা বাস্তবায়নে সংশ্লিষ্টদের গড়িমসি ও অবহেলা জনগণের সাথে প্রতারণার শামিল। তারা দ্রুত সময়ের মধ্যে গণভোটের ফলাফল বাস্তবায়নের দাবি জানান।
বক্তারা আরও বলেন, দাবি আদায়ে প্রয়োজন হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। জনগণের অধিকার আদায়ে তারা রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হলেও পুরো এলাকায় ছিল উত্তেজনা ও বাড়তি জনসমাগম।
গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সীতাকুণ্ডে এই কর্মসূচি নতুন করে রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।