নিজস্ব প্রতিবেদন:
ময়মনসিংহের তারাকান্দায় অ্যাম্বুলেন্স ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক অটোরিকশা চালক নিহত এবং নারী ও শিশুসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (৫ জুন)সন্ধ্যা ৭ টার দিকে ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক সড়কের গোয়াতলা শশার বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন উপজেলার কাকনি ইউনিয়নের গোয়াতলা গ্রামের মৃত জবেদ আলীর ছেলে অটোরিকশা চালক আব্দুল কদ্দুছ (৫৫)।
আহতরা হলেন,মৃত আতাউর রহমানের ছেলে অটোরিকশা চালক লাল মিয়া (৪৫), বাদশা মিয়ার স্ত্রী মারজিয়া (৩৫) এবং তার ৬ বছর বয়সী কন্যা মাফিয়া আক্তার। তারা সবাই গোয়াতলা শশার বাজার এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা একটি দ্রুতগতির অ্যাম্বুলেন্স তারাকান্দাগামী একটি অটোরিকশাকে মুখোমুখি ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক আব্দুল কদ্দুছ নিহত হন।এ সময় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
স্থানীয়রা বলেন, দুর্ঘটনার পর লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ বিষয়ে তারাকান্দা থানা অফিসার ইনচার্জ(তদন্ত)মোবারক হোসেন বলেন, খবর পেয়ে তারাকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।দূর্ঘটনা কবলিত যান দুটি থানা হেফাজতে আনা হবে।থানায় আইনি কার্যক্রম অব্যাহত আছে।