মোহাম্মদ আমিনুল ইসলাম, চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি:
পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দেশব্যাপী ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। এরই অংশ হিসেবে আজ শনিবার, ১৩ জুন ২০২৬, মাননীয় প্রধানমন্ত্রীর সুদূরপ্রসারী পরিকল্পনার আওতায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের জাতীয় কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
এই কর্মসূচির ধারাবাহিকতায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থী এবং সচেতন নাগরিকরা স্বতঃস্ফূর্তভাবে এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এ বিষয়ে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন বলেন,
"জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আজ আমরা যে গাছ লাগাচ্ছি, তা শুধু বর্তমান প্রজন্মের জন্য নয়; ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ ও সুন্দর জীবনের ভিত্তি রচনা করবে। পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাস এবং বিশুদ্ধ অক্সিজেন নিশ্চিত করতে প্রত্যেক নাগরিককে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। শুধু গাছ লাগালেই হবে না, রোপণকৃত প্রতিটি গাছের পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করাও আমাদের নৈতিক দায়িত্ব।"
তিনি আরও বলেন, "সরকার ঘোষিত লক্ষ্যমাত্রা অনুযায়ী বৃক্ষরোপণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে বাঁশখালী উপজেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে। কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে। সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যক্তি উদ্যোগেও বাড়ির আঙিনা, শিক্ষাপ্রতিষ্ঠান, সড়কের পাশ ও খালি জায়গায় বেশি বেশি গাছ লাগানোর জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।"
সংশ্লিষ্টরা জানান, শুধু আনুষ্ঠানিকভাবে চারা রোপণ করাই নয়, বরং রোপণকৃত গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের মাধ্যমে সেগুলোকে বড় করে তোলার ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
পরিবেশবিদদের মতে, একটি গাছ শুধু অক্সিজেনের উৎস নয়; এটি মাটি ক্ষয়রোধ, জীববৈচিত্র্য সংরক্ষণ, বায়ুদূষণ কমানো এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই পরিবেশকে টিকিয়ে রাখতে এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব কমাতে সমাজের প্রতিটি মানুষকে বৃক্ষরোপণে সম্পৃক্ত হতে হবে।
ইউএনও রুহুল আমিনের আহ্বান, "আসুন, আমরা প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগাই এবং সেটিকে সন্তানতুল্য পরিচর্যা করি। আমাদের আজকের এই ছোট উদ্যোগই আগামী দিনের সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলবে।"