মোঃ সুন্নাতুল ইসলাম নিরব , ভুরুঙ্গামারী প্রতিনিধি:
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের মাদ্রাসা মোড়ে সোমবার (৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একটি সড়ক দুর্ঘটনায় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাজু আহমেদ খোকনের পিতা মোঃ আব্দুল হামিদ চৌধুরী গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বাধীন পরিবহনের একটি বাসের ধাক্কায় তিনি আহত হন। ঘটনার পর উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দিলে পরিস্থিতির সৃষ্টি হয়। পরে ভুরুঙ্গামারী থানা পুলিশের সার্বিক সহযোগিতায় নাগেশ্বরী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ইউটিউবার ও ফেসবুক ব্যবহারকারী আহত ব্যক্তিকে নিহত দাবি করে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছেন বলে অভিযোগ উঠেছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, এসব তথ্য সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন। গুজব ছড়ানো এবং মিথ্যা তথ্য প্রচার ফৌজদারি অপরাধ।
বর্তমানে আহত মোঃ আব্দুল হামিদ চৌধুরী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর দ্রুত সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।
সচেতন মহল গুজবে কান না দিয়ে সঠিক তথ্য প্রচারের আহ্বান জানিয়েছে।