
চট্টগ্রাম-সীতাকুণ্ডের নাবিকদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন, অধিকার রক্ষা এবং পারস্পরিক ঐক্য জোরদারের প্রত্যয়ে অনুষ্ঠিত হলো নাবিক কল্যাণ সমিতির বিশেষ সভা। গতকাল বিকেল সাড়ে তিনটায় নগরীর নিউমার্কেট সংলগ্ন ডায়মন্ড রেস্টুরেন্টের কনফারেন্স হলে এ সভা বসে।
সভায় সভাপতিত্ব করেন সমিতির আহ্বায়ক নাছির মাস্টার।যৌথ সঞ্চালনায় ছিলেন ইউনুছ মাস্টার ও স্বপন মাস্টার।অনুষ্ঠান পরিচালনা করেন নিজাম ড্রাইভার ও ইব্রাহিম মাস্টার।
আহ্বায়ক নাছির মাস্টার বলেন, নাবিকরা দেশের অর্থনীতির প্রাণশক্তি। তাদের শ্রমে দেশ সমৃদ্ধ হচ্ছে, অথচ তারা অনেক সময় অবহেলিত। সমিতির মাধ্যমে আমরা তাদের পাশে দাঁড়াতে চাই। সদস্যদের কল্যাণে কার্যক্রম আরও বিস্তৃত করতে হবে। শিক্ষা ও চিকিৎসা সহায়তা দেওয়ার উদ্যোগ নিতে হবে।
আহ্বায়ক নিজাম ড্রাইভার বলেন, নাবিক পরিবারগুলোর সুখ-দুঃখে পাশে দাঁড়ানোই হবে আমাদের প্রধান কাজ। ঐক্য থাকলে কোনো বাধা আমাদের থামাতে পারবে না। সমিতিকে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। কার্যকর পদক্ষেপ নিতে হবে, যাতে প্রবাসী নাবিকরাও উপকৃত হন।
আহ্বায়ক ইব্রাহিম মাস্টার বলেন, অসুস্থ বা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত নাবিক পরিবারকে দ্রুত আর্থিক সহায়তা দিতে হবে। এর মাধ্যমে নাবিক সমাজের আস্থা আরও বাড়বে। নাবিক কল্যাণ সমিতি এখন আমাদের আশার বাতিঘর। আমরা চাই এই ঐক্য ধরে রেখে প্রজন্ম থেকে প্রজন্মে এগিয়ে যাক।
মোহাম্মদ রিমন বলেন, সীতাকুণ্ডের সকল নাবিক একত্রিত হয়েছি, এই সংগঠনের মাধ্যমে আমরা সবাই সম্মিলিত প্রচেষ্টায় একে অন্যের দুঃখে এবং বিপদে সাড়া দেব, ইনশাআল্লাহ।
সভায় আরও বক্তব্য রাখেন,
এখলাস উদ্দিন, মোহাম্মদ গনি, রিফাত চৌধুরী, মোহাম্মদ রিমন, মোঃ কামাল, সাদ্দাম হোসেন, মোঃ জাফরসহ প্রমুখ।
তাঁরা বলেন, নাবিকদের ঐক্যই আমাদের শক্তি। এই সমিতি আমাদের সামাজিক নিরাপত্তা ও ভবিষ্যৎ কল্যাণের জন্য আশার আলো। শিক্ষা, চিকিৎসা ও দুর্ঘটনা সহায়তা কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করতে হবে।
সভায় সিদ্ধান্ত হয়, সমিতির কার্যক্রম শুধু সীতাকুণ্ডে সীমাবদ্ধ না রেখে চট্টগ্রামের অন্যান্য এলাকায়ও সম্প্রসারণ করা হবে। নাবিকদের সন্তানদের জন্য শিক্ষা সহায়তা, অসুস্থ সদস্যদের চিকিৎসা তহবিল ও দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের ব্যবস্থা গ্ৰহণ করা হবে।