প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৬, ২০২৬, ১:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৩, ২০২৬, ১১:২৬ অপরাহ্ণ
সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ড: ২০ মিনিটে নিয়ন্ত্রণ, ক্ষয়ক্ষতি ১২ লক্ষাধিক টাকা!
নিজস্ব প্রতিবেদন:
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৫নং বাড়বকুন্ড ইউনিয়নের শুকলাল হাট এলাকায় একটি তোলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সকাল আনুমানিক ১০:২৫ মিনিটের দিকে হঠাৎ করে এই আগুনের সূত্রপাত হয়, যা মুহূর্তেই আশপাশে ছড়িয়ে পড়ে আতঙ্ক সৃষ্টি করে।
স্থানীয় এলাকাবাসী আগুন লাগার সঙ্গে সঙ্গে তা নিয়ন্ত্রণে আনার জন্য সর্বাত্মক চেষ্টা চালান এবং একই সাথে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়ে সকাল ১০:৩৫ মিনিটে পৌঁছে যায়।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের অফিসার মোঃ বেলাল জানান, “আমরা সকাল ১০:৩০ মিনিটে খবর পাই এবং ১০:৩৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে যাই। এরপর ১০:৩৫ থেকে ১০:৫৫ মিনিট—মোট ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। পরে সম্পূর্ণ আগুন নিভাতে দুপুর ১২:১০ মিনিট পর্যন্ত কাজ করতে হয়।
অগ্নিকাণ্ডে তোলার গোডাউনটির পাশাপাশি সংলগ্ন আরও চারটি দোকান দগ্ধ হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই ঘটনায় প্রায় ১১ থেকে ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয়দের ভাষ্য, হঠাৎ করেই আগুনের সূত্রপাত হওয়ায় তারা হতভম্ব হয়ে পড়েন। তবে দ্রুত সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা না করলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও ভয়াবহ হতে পারত।
এদিকে, কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে এবং প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ কত—তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। বিষয়টি তদন্তাধীন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫