ঢাকামঙ্গলবার , ১৩ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি, সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৩, ২০২৬ ৪:৪৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:

সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা, স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বজায় রাখা এবং জ্যেষ্ঠ সাংবাদিক কামাল পারভেজকে মুঠোফোনে হুমকি দেওয়ার ঘটনায় অভিযুক্ত ওয়াকিল হোসেন ওরফে বগাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)। একই সঙ্গে অভিযুক্তের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

এ দাবিতে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে চট্টগ্রাম মহানগরীর লালদীঘি এলাকায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারের কার্যালয়ে কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলীর কাছে স্মারকলিপি প্রদান করেন সিআরএর নেতৃবৃন্দ।

সিআরএর আহ্বায়ক কমিটির সদস্য সচিব সাইফুদ্দিন রমিজের নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক সভাপতি সোহাগ আরেফীন, সহদপ্তর সম্পাদক জহির উদ্দিন বাবর, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক রিদুয়ান হৃদয়, আপ্যায়ন সম্পাদক সাফায়েত মোরশেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে বলা হয়, সাংবাদিকরা সমাজের অনিয়ম, দুর্নীতি, অসংগতি ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরে জনস্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কিন্তু পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের হুমকি, হয়রানি ও ভয়ভীতির মুখে পড়তে হলে স্বাধীনভাবে সংবাদ সংগ্রহ ও প্রকাশের পরিবেশ বাধাগ্রস্ত হয়।

এ অবস্থায় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানায় সিআরএ। পাশাপাশি জ্যেষ্ঠ সাংবাদিক ও চ্যানেল ২৪-এর আঞ্চলিক সম্পাদক কামাল পারভেজকে মুঠোফোনে হুমকি দেওয়ার ঘটনায় অভিযুক্ত ওয়াকিল হোসেন ওরফে বগাকে গ্রেপ্তার এবং তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

সংগঠনটির নেতৃবৃন্দের মতে, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা শুধু সাংবাদিক সমাজের দাবি নয়; এটি স্বাধীন গণমাধ্যম ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখারও গুরুত্বপূর্ণ শর্ত। সংবাদকর্মীরা যাতে কোনো ধরনের ভয়ভীতি বা চাপ ছাড়াই জনস্বার্থে সংবাদ প্রকাশ করতে পারেন, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

সাংবাদিকদের প্রতি হুমকি ও হয়রানির অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত তদন্ত এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের মাধ্যমে পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন।

Visited ১৬ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।