নিউজ প্রতিবেদক:
চট্টগ্রামের মিরসরাই উপজেলার মুহুরী প্রকল্প এলাকায় ব্যবসায়িক পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দৈনিক বাংলা স্কাই পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মো. নেয়ামুল হোসেনকে অশ্লীল ভাষায় গালিগালাজ, মানহানিকর মন্তব্য ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় আফিফা এগ্রো/শহিদুল এগ্রোর স্বত্বাধিকারী মো. শহিদুল ইসলাম রিপনের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সম্পাদক।
অভিযোগ সূত্রে জানা যায়, মো. নেয়ামুল হোসেন দীর্ঘদিন ধরে মিরসরাইয়ের মুহুরী প্রকল্প এলাকায় মৎস্যচাষিদের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে ব্যবসা করে আসছেন। সেই সূত্রে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের বাঁশখালী, প্রজেক্ট বাজার এলাকার আফিফা এগ্রো/শহিদুল এগ্রোর স্বত্বাধিকারী মো. শহিদুল ইসলাম রিপনের সঙ্গে তাঁর ব্যবসায়িক সম্পর্ক গড়ে ওঠে। তাঁদের মধ্যে নগদ ও বাকিতে বিভিন্ন মৎস্যজাত পণ্য কেনাবেচা এবং মৎস্যচাষসংক্রান্ত লেনদেন চলত।
নেয়ামুল হোসেনের দাবি, ব্যবসায়িক লেনদেনের হিসাব অনুযায়ী শহিদুল ইসলাম রিপনের কাছে তাঁর ১ লাখ ৩১ হাজার টাকা পাওনা রয়েছে। এ ছাড়া ব্যক্তিগতভাবে নগদ ১ লাখ টাকা ধার দেওয়া হয়। সব মিলিয়ে তাঁর মোট পাওনার পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ ৩১ হাজার টাকা।
অভিযোগে আরও বলা হয়, গত প্রায় তিন মাস ধরে পাওনা টাকা ফেরত চাইলেও অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করেন। কখনো ‘আজ নয়, কাল’ বলে আশ্বাস দেন, আবার কখনো মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি বলে অভিযোগ করেন নেয়ামুল হোসেন। তাঁর দাবি, অভিযুক্তের বাড়ি ও মুহুরী প্রকল্প বাজারের অফিসে গিয়েও তাঁকে সহজে পাওয়া যায়নি।
পরিস্থিতির একপর্যায়ে বিষয়টি স্থানীয় কয়েকজন গণ্যমান্য ব্যক্তি ও অভিযুক্তের ম্যানেজার ফখরুল ইসলামকে জানান নেয়ামুল হোসেন। অভিযোগ অনুযায়ী, ফখরুল ইসলাম ফোনে শহিদুল ইসলাম রিপনের সঙ্গে যোগাযোগ করলে তিনি পাওনা টাকা পরিশোধের আশ্বাস দেন। তবে নির্দিষ্ট কোনো তারিখ জানাননি বলে দাবি করেন অভিযোগকারী।
অফিসে গিয়ে পাওনা চাইতেই হুমকির অভিযোগ
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৩ অক্টোবর ২০২৬ তারিখে নেয়ামুল হোসেন মুহুরী প্রকল্প বাজারে শহিদুল ইসলাম রিপনের অফিসে গিয়ে পাওনা টাকার বিষয়টি উত্থাপন করেন। এ সময় অভিযুক্ত ব্যক্তি উত্তেজিত হয়ে তাঁকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও মানহানিকর মন্তব্য করেন বলে অভিযোগ করা হয়েছে।
একপর্যায়ে আবার টাকা চাইলে তাঁকে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলেও দাবি করেন নেয়ামুল হোসেন।
ঘটনাটি স্থানীয় কয়েকজনের জানা রয়েছে বলে অভিযোগকারীর দাবি। নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে ওই দিন বিকেলেই তিনি মুঠোফোনে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেন।
পরবর্তী সময়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার পরামর্শে ২৪ অক্টোবর ২০২৬ তারিখে অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন নেয়ামুল হোসেন। অভিযোগে ব্যবসায়িক পাওনা আদায়, নিজের সম্মান রক্ষা এবং জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
দৈনিক বাংলা স্কাই পরিবারের পক্ষ থেকে অভিযোগের সুষ্ঠু তদন্ত, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভারপ্রাপ্ত সম্পাদক মো. নেয়ামুল হোসেনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে সাংবাদিক ও ব্যবসায়ীদের নিরাপদে পেশাগত কার্যক্রম পরিচালনার পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
Visited ৭ times, ১ visit(s) today
এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।

