ঢাকাশুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

বিরামপুরে মাদ্রাসায় ৬ শিশুকে পেটানোর অভিযোগ, হাসপাতালে একজন

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৪, ২০২৬ ১:৫১ অপরাহ্ণ
Link Copied!

বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুরে একটি বেসরকারি মাদ্রাসা ও স্কুলে ছয় শিশু শিক্ষার্থীকে লাঠি দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে। গত ৮ আগস্ট রাতে রিয়াদ ইক্বরা ইন্টারন্যাশনাল মাদ্রাসা ও স্কুলে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীদের মধ্যে আবদুর রহমান (১২) নামের এক শিক্ষার্থীকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রতিষ্ঠানটির পরিচালক মেহেদী হাসান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

আবদুর রহমান উপজেলার কাটলা কাজীপাড়া গ্রামের সৌদি আরবপ্রবাসী মশিউর রহমানের ছেলে। সে ওই প্রতিষ্ঠানের মাদ্রাসা শাখার আবাসিক শিক্ষার্থী এবং ১৬ পারা কোরআনের হাফেজ বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রতিষ্ঠানটির পরিচালক মেহেদী হাসান বলেন, পড়ার সময় ঘুমিয়ে পড়ায় শিক্ষক শাকিল আহমেদ ছয় শিক্ষার্থীকে পিটিয়েছেন। তবে আবদুর রহমানকে অন্যদের তুলনায় বেশি মারধর করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, শিক্ষার্থীদের মারধরের সময় তাদের চিৎকারে অন্য আবাসিক শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আহত আবদুর রহমানকে পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে যান।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২২ সালের নভেম্বর মাসে বিরামপুর শহরের তুলারপট্টি এলাকায় একটি তিনতলা ভবন ভাড়া নিয়ে রিয়াদ ইক্বরা ইন্টারন্যাশনাল মাদ্রাসা ও স্কুলের কার্যক্রম শুরু করা হয়। প্রতিষ্ঠানটিতে মাদ্রাসার ইবতেদায়ি শাখার পাশাপাশি প্লে থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী পড়ানোর কথা বলা হলেও এর পাঠদানের অনুমোদন নিয়ে প্রশ্ন রয়েছে।

বিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আবদুস সালাম বলেন, ‘আমাদের দিক থেকে ওই প্রতিষ্ঠানে পাঠদানের কোনো অনুমতি নেই।’

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক শাকিল আহমেদের বক্তব্য পাওয়া যায়নি।

শিশু শিক্ষার্থীদের মারধরের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবকদের অনেকে।

Visited ১২ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।