ঢাকামঙ্গলবার , ১১ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

সীতাকুণ্ডে জাহাজ ভাঙার লোহার ওজন নিয়ে কারসাজির অভিযোগ, আটক ৪

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১১, ২০২৬ ২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

মোঃ এমরান হোসেন, স্টাফ রিপোর্টার:

চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরায় ম্যাক কর্পোরেশন শিপইয়ার্ডে জাহাজ ভাঙার লোহার ওজন পরিমাপে কারসাজি করে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে চারজনের বিরুদ্ধে। এ ঘটনায় শিপইয়ার্ডের ব্যবস্থাপকসহ চারজনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। পরে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অভিযোগ ওঠা চারজন হলেন—ম্যাক কর্পোরেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম, পরিমাপক মনির আহমেদ মুন্না, হিসাবরক্ষক ওমর ফারুক সোহেল এবং লোহা ক্রয়কারী ব্যবসায়ী রোকন উদ্দিন ব্যাবসায়ী প্রতিনিধি। তবে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

শিপইয়ার্ডের চেয়ারম্যান মাস্টার আবুল কাশেমের অভিযোগ, দীর্ঘদিনের বিশ্বস্ত কর্মকর্তা-কর্মচারী হওয়ায় তিনি কখনো তাদের সন্দেহের চোখে দেখেননি। বরং তাদের বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হয়েছিল। সম্প্রতি জাহাজের লোহার ওজন নিয়ে অসঙ্গতি ধরা পড়ার পর বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে একের পর এক অনিয়মের তথ্য সামনে আসে।

মাস্টার আবুল কাশেম জানান, নির্দিষ্ট বৃহস্পতিবার শুক্রবার ও শনিবারসহ কয়েক দিন ইয়ার্ড থেকে মালামাল বিক্রি ও সরবরাহ বন্ধ রাখার নির্দেশনা ছিল। তবে তার অনুমতি ছাড়া একটি লোহাবাহী গাড়ি ইয়ার্ড থেকে বের করে দেওয়া হয়। বিষয়টি জানতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করলে গাড়িটির নম্বরও ভুল দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

তার দাবি, সংশ্লিষ্টদের কাছে গাড়িটির নম্বর জানতে চাইলে তারা ঢাকা মেট্রো-ট ১৬-৮৫৫৭ নম্বরটি জানান। পরে খোঁজ নিয়ে দেখা যায়, গাড়িটির প্রকৃত নম্বর ঢাকা মেট্রো-ট ১৬-৮৭৫৭। অর্থাৎ গাড়ির নম্বরের মাঝের দুটি অঙ্ক পরিবর্তন করে ভুল তথ্য দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন ইয়ার্ড মালিক।

পরে কুমিরা ঘাটঘর সড়কে একটি ট্রাক কাদায় আটকে থাকার খবর পান ইয়ার্ড মালিক। গাড়িটির চালকের কাছে জানতে চাইলে তিনি সেটি ম্যাক কর্পোরেশন থেকে বের হওয়ার কথা জানান। এরপর গাড়িটি অন্য একটি ইয়ার্ডের ওজনযন্ত্রে পরিমাপ করা হলে ১৪ টন পাওয়া যায়। পরে ম্যাক কর্পোরেশনের নিজস্ব ওজনযন্ত্রেও একই গাড়ির ওজন ১৪ টন পাওয়া যায়।

কিন্তু ইয়ার্ডের হিসাবরক্ষকের খাতায় ওই গাড়িতে লোহার পরিমাণ ১২ টন দেখানো হয়েছিল বলে দাবি করেন মালিক। এতে দুই টন লোহার হিসাবের গরমিল ধরা পড়ে।

মাস্টার আবুল কাশেমের অভিযোগ, শুধু ওই একটি গাড়িতেই নয়, দীর্ঘদিন ধরে বিভিন্ন গাড়িতে দুই থেকে পাঁচ টন পর্যন্ত লোহার ওজন কম দেখিয়ে অর্থ আত্মসাৎ করা হয়ে থাকতে পারে। তার দাবি, গত তিন বছরের হিসাব পর্যালোচনা করলে কোটি কোটি টাকার অনিয়মের তথ্য বেরিয়ে আসতে পারে।

তিনি বলেন, বিষয়টি নিশ্চিত হওয়ার পর গত ৭ আগস্ট রাত আনুমানিক ২টার দিকে চারজনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় মামলা করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে দীর্ঘদিনের অনিয়ম ও অর্থ আত্মসাতের প্রকৃত তথ্য বেরিয়ে আসবে বলে আশা করছেন তিনি।

এ বিষয়ে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, শিপইয়ার্ডের মালামাল চুরির অভিযোগে চার কর্মচারীকে আসামি করে মামলা হয়েছে। মামলার পর তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

Visited ১৫ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।