ঢাকাশনিবার , ২২ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ফেনীর মেধাবী ছাত্রী মুসকান

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২২, ২০২৬ ১০:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

ফেনী প্রতিনিধি:

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাম উজ্জ্বল করার স্বপ্ন নিয়ে বিশ্বমঞ্চে পা রাখতে যাচ্ছে ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির মেধাবী শিক্ষার্থী মুহাইমীন কামাল মুসকান। ‘ইংলিশ অলিম্পিয়াড সিজন-৪’-এর জাতীয় পর্যায়ের কঠিন ধাপগুলো সফলভাবে অতিক্রম করে আন্তর্জাতিক পর্যায়ের গ্র্যান্ড ফিনালের জন্য অফিশিয়াল অফার লেটার ও আমন্ত্রণপত্র পেয়েছে সে।

আগামী ডিসেম্বর ২০২৬-এ মালয়েশিয়া ও সিঙ্গাপুরে যৌথভাবে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক চূড়ান্ত প্রতিযোগিতায় বাংলাদেশের অন্যতম প্রতিনিধি হিসেবে অংশ নেবে মুসকান। তার এই অর্জনে আনন্দ ও গর্বের আবহ তৈরি হয়েছে পরিবার, বিদ্যালয় এবং ফেনীজুড়ে।

ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নিয়মিত ও মেধাবী শিক্ষার্থী মুসকান ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে আসছে। ইংরেজি ভাষায় দক্ষতার পাশাপাশি আবৃত্তিতেও রয়েছে তার বিশেষ প্রতিভা। বিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে আবৃত্তি প্রতিযোগিতায় একাধিক পুরস্কার অর্জন করেছে সে।

মুসকানের মেধার বিকাশে তার পরিবারও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাবা মোস্তফা কামাল একজন নিষ্ঠাবান চাকরিজীবী এবং ইংরেজিতে দক্ষ। ছোটবেলা থেকেই তিনি মেয়ের পড়াশোনা ও মেধা বিকাশে মেন্টর হিসেবে নিয়মিত দিকনির্দেশনা দিয়ে আসছেন। মা কামরুন্নেছা মনি একজন কবি ও সফল নারী উদ্যোক্তা। মায়ের সাহিত্য ও সংস্কৃতিমনস্ক পরিবেশ এবং অনুপ্রেরণায় মুসকানের সৃজনশীল প্রতিভারও বিকাশ ঘটেছে।

মুসকানের মেধার স্বাক্ষর অবশ্য এবারই প্রথম নয়। পঞ্চম শ্রেণিতে সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা সাময়িকভাবে বন্ধ থাকলেও সে থেমে থাকেনি। স্থানীয়ভাবে আয়োজিত চারটি পৃথক বেসরকারি বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে চারটিতেই ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে অনন্য কৃতিত্বের পরিচয় দিয়েছে।

মুসকানের এই আন্তর্জাতিক সাফল্যে ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাও আনন্দ প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি মুসকানের বিশ্বমঞ্চের যাত্রায় শুভকামনা জানিয়েছেন। তার এই অর্জনের পেছনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের যথাযথ দিকনির্দেশনা এবং পরিবারের নিরলস পরিশ্রম ও অনুপ্রেরণার কথাও তুলে ধরা হয়েছে।

এখন মুসকানের চোখ আন্তর্জাতিক গ্র্যান্ড ফিনালের দিকে। মালয়েশিয়া ও সিঙ্গাপুরের বিশ্বমঞ্চে বাংলাদেশের লাল-সবুজ পতাকা তুলে ধরে দেশের জন্য গৌরব বয়ে আনার প্রত্যয়ে প্রস্তুতি নিচ্ছে এই মেধাবী শিক্ষার্থী।

মুসকানের বাবা-মা জানিয়েছেন, মেয়ের এই স্বপ্নযাত্রায় তারা সবার দোয়া ও শুভকামনা প্রত্যাশা করেন। তাদের প্রত্যাশা—আন্তর্জাতিক প্রতিযোগিতায় মুসকান তার মেধার সর্বোচ্চ স্বাক্ষর রেখে ফেনী জেলা তথা বাংলাদেশের জন্য চ্যাম্পিয়নের গৌরব বয়ে আনবে।

Visited ১৫ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।