ঢাকামঙ্গলবার , ১৯ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

সীতাকুণ্ডে বাসচাপায় স্কুলছাত্রী নিহত: অবরোধে অচল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, আড়াই ঘণ্টাও মেলেনি ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক
মে ১৯, ২০২৬ ৮:১৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদন:

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৬নং বাঁশবাড়িয়া ইউনিয়ন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই স্কুলছাত্রী ও এক বাঁশ ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসীর অবরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টানা তিন ঘণ্টা যানজটের কারণে কার্যত অচল হয়ে পড়ে পুরো রুট।

মঙ্গলবার (১৯ মে) বিকেল প্রায় ৪টার দিকে বাঁশবাড়িয়া উচ্চ বিদ্যালয় ছুটির সময় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, ঢাকাগামী একটি ডিস্ট্রিক বাস সড়কে একটি মিনি মালবাহী কাভার ভ্যানকে চাপ দেয়। এ সময় ভ্যানের নিচে চাপা পড়েন এক বাঁশ ব্যবসায়ী ও তিন স্কুলছাত্রী। ঘটনাস্থলেই এক ছাত্রীর মৃত্যু হয়।

আহত দুই ছাত্রী ও বাঁশ ব্যবসায়ীকে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেওয়া হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এ প্রেরণ করা হয়।

দুর্ঘটনার পর থেকেই ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় শিক্ষার্থী ও এলাকাবাসী। তারা মহাসড়কে সকল ব্যবসায়ীদের বাঁশে আগুন দিয়ে অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট তৈরি হয়।

বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টানা প্রায় তিন ঘণ্টা মহাসড়কজুড়ে তীব্র যানজট ও যান চলাচল স্থবির হয়ে থাকে। দীর্ঘ এই সময়ে শত শত যানবাহন আটকা পড়ে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। সন্ধ্যা ৭টার পর ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের পাশে বছরের পর বছর ধরে অবৈধভাবে বাঁশের ব্যবসা পরিচালনা করে আসছিল কিছু ব্যবসায়ী। একাধিকবার সতর্ক করা হলেও তারা প্রভাবশালী মহলের ছত্রছায়ায় ব্যবসা চালিয়ে যাচ্ছিল।

বিক্ষোভরত শিক্ষার্থীরা বলেন,

“বছরের পর বছর ধরে রাস্তার পাশে অবৈধভাবে ব্যবসা চলছিল। আমরা এবং স্থানীয় লোকজন অনেকবার সতর্ক করেছিলাম। কিন্তু কেউ কর্ণপাত করেনি। আজ একটি তাজা প্রাণ ঝরে গেল। এখন কি তারা আমাদের বোনকে ফিরিয়ে দিতে পারবে?”

তারা আরও বলেন, রাস্তার পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ না করা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বার আউলিয়া হাইওয়ে পুলিশ, সীতাকুণ্ড থানা পুলিশ আনসার বাহিনী সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারা বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করেন এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এদিকে দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা দেখা দিয়েছে। অভিযোগ রয়েছে, সীতাকুণ্ড ও কুমিরা ফায়ার সার্ভিসের মধ্যে এলাকা নিয়ে দায় ঠেলে দেওয়ার কারণে প্রায় আড়াই ঘণ্টা কোনো ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়নি, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পুলিশ প্রশাসন ও স্থানীয়রা।

স্থানীয়দের প্রশ্ন—“ফায়ার সার্ভিসের কাজ কি উদ্ধার কার্যক্রম, নাকি শুধু এলাকা ভাগাভাগি?”

এ ঘটনায় পুরো এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, মহাসড়কের পাশে অবৈধ দখল ও ঝুঁকিপূর্ণ ব্যবসা দ্রুত উচ্ছেদ না করলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে।

Visited ২৭ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।