ঢাকামঙ্গলবার , ১২ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

সীতাকুণ্ডে জিআরপি পুলিশের সামনেই রেলগেইট কর্মীর ওপর হামলা, নিরাপত্তাহীনতায় রেলকর্মীরা

নিজস্ব প্রতিবেদক
মে ১২, ২০২৬ ৫:২৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের সীতাকুণ্ডে দায়িত্ব পালনরত এক রেলগেইট কর্মীর ওপর হামলার ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, জিআরপি পুলিশের উপস্থিতিতেই ওই কর্মী পুনরায় লাঞ্ছিত হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এ ঘটনায় রেলওয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের মাঝে নিরাপত্তাহীনতার অনুভূতি দেখা দিয়েছে।

মঙ্গলবার (১২ মে) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে সীতাকুণ্ড কলেজ রোড সংলগ্ন রেলগেইটে এ ঘটনা ঘটে। জানা যায়, ওই সময় ৬০৮ নম্বর একটি মালবাহী ট্রেন সীতাকুণ্ড স্টেশন অতিক্রম করছিল। রেলওয়ের নিয়ম অনুযায়ী ট্রেন চলাচলের সময় নিরাপত্তার স্বার্থে গেইট বন্ধ রাখা হয়।

সীতাকুণ্ড সহকারী স্টেশন মাস্টার মোঃ আতিকুর রহমান জানান, নিয়ম অনুযায়ী প্রায় ১০ মিনিট গেইট বন্ধ রাখা হয়েছিল। তবে স্থানীয় কিছু দুষ্কৃতকারী অভিযোগ তোলে যে গেইটটি প্রায় ৪৫ মিনিট ধরে বন্ধ ছিল। এ অভিযোগকে কেন্দ্র করে কয়েকজন যুবক ডিউটিরত গেইটম্যান ফারুকের ওপর অতর্কিত হামলা চালায় এবং তাকে মারধর করে।

ঘটনার খবর পেয়ে সহকারী স্টেশন মাস্টার দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং পরে বিষয়টি জিআরপি পুলিশকে অবহিত করা হয়। পরবর্তীতে ভুক্তভোগী গেইটম্যান ফারুক, সহকারী স্টেশন মাস্টার এবং জিআরপি পুলিশ সদস্যরা বিষয়টি সমাধানের জন্য জিআরপি স্টেশনে বসেন। সেখানে ঘটনাটিকে “ভুল বোঝাবুঝি” হিসেবে মীমাংসার চেষ্টা করা হচ্ছিল বলে জানা যায়।

তবে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে, যখন অভিযুক্তদের মধ্যে একজন জিআরপি পুলিশের সামনেই আবারও গেইটম্যান ফারুকের ওপর চড়াও হয় এবং হাত তোলে। এ ঘটনায় উপস্থিত রেল কর্মকর্তা ও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে সহকারী স্টেশন মাস্টার ঘটনাস্থল ত্যাগ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন।

ভুক্তভোগী গেইটম্যান ফারুক বলেন, “আমি দীর্ঘদিন ধরে রেলওয়ের নিয়ম মেনে দায়িত্ব পালন করে আসছি। ট্রেন যাওয়ার সময় নিয়ম অনুযায়ী গেইট বন্ধ রেখেছিলাম। কিন্তু হঠাৎ কিছু দুষ্কৃতকারী এসে আমার ওপর হামলা চালায়। পরে জিআরপি পুলিশের সামনেই আবারও আমাকে লাঞ্ছিত করা হয়। একজন সরকারি কর্মচারী হিসেবে যদি আমি নিরাপত্তা না পাই, তাহলে সাধারণ মানুষ কতটুকু নিরাপদ—তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।”

এ বিষয়ে সীতাকুণ্ড জিআরপি পুলিশ স্টেশনের এসআই দিপক বলেন, “ভুল বোঝাবুঝির কারণেই ঘটনাটি ঘটেছে। আমরা উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করেছি। তবে ঘটনাস্থলে শতাধিক মানুষ উপস্থিত থাকায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে আমরা বিষয়টি মীমাংসা করেছি। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনার পর থেকে রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের মাঝে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। দায়িত্ব পালনকালে নিরাপত্তা নিশ্চিতের দাবিও জানিয়েছেন তারা।

Visited ১৯ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।