ঢাকাবুধবার , ১৩ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

সীতাকুণ্ডে র‍্যাবের অভিযানে ৫৭৮ মেট্রিক টন সরকারি চাল জব্দ, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক
মে ১৩, ২০২৬ ১০:০৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের সীতাকুণ্ডে লাইসেন্স ছাড়াই অবৈধভাবে বিপুল পরিমাণ সরকারি চাল মজুত এবং মোড়ক পরিবর্তন করে বাজারজাত করার অভিযোগে অভিযান চালিয়েছে র‍্যাব-৭ ও খাদ্য অধিদপ্তর। এসময় ৫৭৮ দশমিক ৬০ মেট্রিক টন চাল জব্দ করা হয় এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৩ মে) সকাল সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত উপজেলার কদমরসুলপুর এলাকায় র‍্যাব-৭ ও খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে এ ঘটনা ঘটে।

র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, একটি অসাধু চক্র সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল সংগ্রহ করে তা ভিন্ন মোড়কে প্যাকেটজাত করে সাধারণ চাল হিসেবে বাজারে বিক্রি করছে। পরে তথ্যের সত্যতা যাচাই করতে র‍্যাব-৭ ও খাদ্য অধিদপ্তরের একটি বিশেষ টিম কদমরসুলপুর এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে একটি গুদামে বিপুল পরিমাণ চালের মজুত পাওয়া যায়। সেখানে মোট ৫৭৮ দশমিক ৬০ মেট্রিক টন চাল জব্দ করা হয়। তবে মজুতকৃত চালের কোনো বৈধ কাগজপত্র, লাইসেন্স কিংবা সংরক্ষণের অনুমোদন দেখাতে পারেননি সংশ্লিষ্টরা।

র‍্যাব জানায়, অভিযানে সরকারি চালের বস্তা পরিবর্তন করে বেসরকারি ও আকর্ষণীয় মোড়কে চাল বাজারজাত করার আলামতও পাওয়া গেছে। এতে সাধারণ ভোক্তাদের সঙ্গে প্রতারণার পাশাপাশি বাজারে কৃত্রিম সংকট তৈরির আশঙ্কা ছিল বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় আব্দুল আজিজ (২৮) নামে একজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জোরারগঞ্জ থানার বামুন সুন্দর দারোগাহাট এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফ্ফর হোসেন বলেন, “অবৈধভাবে সরকারি চাল মজুত, মোড়ক পরিবর্তন এবং প্রতারণার অভিযোগে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে। বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও সরকারি সম্পদের অপব্যবহারের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।”

খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারাও জানান, বাজার স্থিতিশীল রাখা এবং সরকারি খাদ্যশস্যের অপব্যবহার রোধে ভবিষ্যতেও এ ধরনের তদারকি ও যৌথ অভিযান চলমান থাকবে।

Visited ১২ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।