ঢাকাশুক্রবার , ১৫ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

ঋণখেলাপির অভিযোগে ছিটকে গেলেন আমজাদ চৌধুরী, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হচ্ছেন মহসিন — বিএসবিআরএ নির্বাচনে নাটকীয় মোড়

নিজস্ব প্রতিবেদক
মে ১৫, ২০২৬ ১:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:

জাহাজভাঙা শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স এসোসিয়েশনের (বিএসবিআরএ) নির্বাচনকে ঘিরে তৈরি হয়েছে নতুন নাটকীয়তা। ঋণখেলাপির অভিযোগে সভাপতি প্রার্থী রাইজিং স্টিল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমজাদ হোসেন চৌধুরীর প্রার্থিতা বাতিল হওয়ায় এখন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হতে যাচ্ছেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন।

জানা গেছে, গত ২ মার্চ বিএসবিআরএ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ছিল ২৩ এপ্রিল। যাচাই-বাছাই শেষে নির্বাচন বোর্ড গত সোমবার (১০ মে) বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) রিপোর্টের ভিত্তিতে আমজাদ হোসেন চৌধুরীর প্রার্থিতা বাতিল করে।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মো. আফতাব উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত নোটিশে বলা হয়, সিআইবি রিপোর্ট অনুযায়ী আমজাদ চৌধুরী ঋণখেলাপি হওয়ায় তার আপিলও নামঞ্জুর করা হয়েছে।

এরপর প্রার্থিতা ফিরে পাওয়ার আশায় আপিল করেন আমজাদ চৌধুরী। গত ৬ মে আপিল শুনানি অনুষ্ঠিত হলেও সেখানে তিনি উপস্থিত ছিলেন না। ফলে শেষ পর্যন্ত তার প্রার্থিতা বহাল থাকেনি।

নির্বাচন বোর্ড সূত্র জানিয়েছে, রাইজিং স্টিল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমজাদ চৌধুরীর বিরুদ্ধে প্রায় ১২০০ কোটি টাকার ঋণখেলাপির অভিযোগ রয়েছে।

এ বিষয়ে জানতে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও আমজাদ হোসেন চৌধুরীর বক্তব্য পাওয়া যায়নি।

রাজনৈতিক অঙ্গনেও ঋণখেলাপির অভিযোগে আলোচিত পরিবারটির আরেক সদস্য বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী। তিনি আমজাদ চৌধুরীর বড় ভাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিজয়ী হলেও ঋণখেলাপি সংক্রান্ত মামলার কারণে আদালতের নির্দেশে তার ফলাফল এখনো স্থগিত রয়েছে।

শিপ ব্রেকার্স এসোসিয়েশনের একাধিক সদস্যের মতে, দেশের গুরুত্বপূর্ণ জাহাজভাঙা শিল্পের নেতৃত্বে আর্থিকভাবে স্বচ্ছ ও গ্রহণযোগ্য ব্যক্তিদের থাকা জরুরি। ঋণখেলাপির অভিযোগ থাকা কাউকে সভাপতি করা হলে সংগঠনের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে।

তফসিল অনুযায়ী আগামী ৩ জুন বিএসবিআরএ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনে সভাপতি, সিনিয়র সহসভাপতি, দুইজন সহসভাপতি এবং সাতজন নির্বাহী সদস্যসহ মোট ১১টি পদে নির্বাচন হবে।

উল্লেখ্য, এর আগে গত বছরের ২৫ অক্টোবর নির্বাচন হওয়ার কথা থাকলেও নির্বাচন বোর্ড ‘স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে না পারার’ কারণ দেখিয়ে পদত্যাগ করায় নির্বাচন স্থগিত হয়ে যায়। পরে গত ৩ নভেম্বর সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পান আমজাদ চৌধুরী। তবে ‘নিয়মভঙ্গের’ অভিযোগ তুলে গত ৫ ফেব্রুয়ারি বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের সচিব আবু সাফায়াৎ মুহম্মদ শাহে দুল ইসলামকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়।

এর আগে দীর্ঘ ৯ বছর ধরে সংগঠনটির সভাপতি ছিলেন আবু তাহের। আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি নেতৃত্ব থেকে সরে দাঁড়ান। তিনি সাবেক সংসদ সদস্য দিদারুল আলম দিদারের বাবা এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের ভাই।

Visited ৩৫ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।