ঢাকাশুক্রবার , ২৯ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

কুমিরা-সন্দ্বীপ ঘাটে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
মে ২৯, ২০২৬ ৫:২৭ অপরাহ্ণ
Link Copied!

ঈদকে কেন্দ্র করে ফের যাত্রী হয়রানি, প্রতিবাদ করলেই দুর্ব্যবহার — নীরব ভূমিকায় বিআইডব্লিউটিএ ও আইনশৃঙ্খলা বাহিনী

নিজস্ব প্রতিবেদন:

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বড় কুমিরা-সন্দ্বীপ ঘাটে আবারও যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। ঈদকে কেন্দ্র করে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী যাত্রীরা। বাড়তি ভাড়ার কারণ জানতে চাইলে টিকিট বিক্রেতা ও ঘাট স্টাফদের পক্ষ থেকে যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার ও হেনস্তার অভিযোগও উঠেছে।

যাত্রীদের দাবি, তারা অতিরিক্ত ভাড়ার বিষয়ে জানতে চাইলে স্টাফরা প্রকাশ্যে বলেন,
“ঈদ উপলক্ষে আমরা বাড়তি ভাড়া নিচ্ছি, আপনি কি করতে পারেন করেন।”

এমন বক্তব্যে সাধারণ যাত্রীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। অনেকেই বলছেন, এটি শুধুমাত্র অতিরিক্ত ভাড়া আদায় নয়, বরং সাধারণ মানুষের অসহায়ত্বকে পুঁজি করে প্রকাশ্য দৌরাত্ম্য।
স্থানীয় সূত্র জানায়, এর আগেও বিনা নোটিশে বাড়তি ভাড়া আদায়কে কেন্দ্র করে যাত্রীদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছিল। তখন ঘাট ইজারাদারদের পক্ষ থেকে দাবি করা হয়, নির্ধারিত ভাড়ায় তাদের “পোষাচ্ছে না”। বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার একপর্যায়ে সন্দ্বীপ উপজেলার ইউএনও মোঃ আমজাদ হোসেন কঠোর অবস্থান নেন।

তিনি ইজারাদারদের উদ্দেশ্যে বলেন,
“আপনাদের যদি না পোষায় আপনারা ঘাট ছেড়ে দেন, আমরা সরকারিভাবে ঘাট পরিচালনা করব। তবে আপনাদের একটি স্পিডবোটও আমার নদীতে যেন দেখা না যায়।”

ইউএনও’র এমন বক্তব্যের পর বিষয়টি নিয়ে প্রশাসনিক তৎপরতা শুরু হলে বিআইডব্লিউটিএ পরবর্তীতে এই রুটে জনপ্রতি ২৬০ টাকা ভাড়া নির্ধারণ করে দেয়। এতে কিছুদিন পরিস্থিতি স্বাভাবিক থাকলেও ঈদকে কেন্দ্র করে আবারও অতিরিক্ত ভাড়া আদায় শুরু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী যাত্রীদের অভিযোগ, বর্তমানে ঘাটে কার্যত কোনো নিয়ন্ত্রণ নেই। যাত্রীরা প্রতিবাদ করলে তাদের সঙ্গে রূঢ় আচরণ করা হচ্ছে। অনেক সময় টিকিট কাউন্টারে প্রকাশ্যে অপমানজনক কথাবার্তাও বলা হচ্ছে।

এদিকে ঘাট এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি থাকলেও তারা কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। একইসঙ্গে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে—বিআইডব্লিউটিএ’র নির্ধারিত ভাড়া অমান্য করে প্রকাশ্যে অতিরিক্ত টাকা আদায় হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কেন নীরব?

সচেতন মহল বলছে, দেশের গুরুত্বপূর্ণ নৌরুটগুলোর অন্যতম কুমিরা-সন্দ্বীপ রুটে যদি এভাবে যাত্রী হয়রানি চলতে থাকে, তাহলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে। তারা দ্রুত প্রশাসন, বিআইডব্লিউটিএ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

যাত্রীদের দাবি, অবিলম্বে নির্ধারিত ভাড়া কার্যকর করা, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করা এবং যাত্রীদের সঙ্গে অসদাচরণকারী স্টাফদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।

Visited ১৫ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।