ঢাকারবিবার , ২৮ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা লুট, বিয়ের অপেক্ষায় রংপুরে ধরা নিরাপত্তাকর্মী

নিজস্ব প্রতিবেদক
জুন ২৮, ২০২৬ ১০:৫৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের সীতাকুণ্ডে ইসলামী ব্যাংকের একটি এটিএম বুথ থেকে লুট হওয়া ১৭ লাখ টাকার মধ্যে ১৪ লাখ ৮৪ হাজার ৮২৮ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বুথের নিরাপত্তাকর্মী আইয়ুব আলী (৫৬)কে রংপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম জানান, গত ২৪ জুন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংকের এটিএম বুথে এ লুটের ঘটনা ঘটে। দুপুরে ব্যাংকের কর্মকর্তারা বিরতিতে যাওয়ার সময় বুথটি তালাবদ্ধ করে যান। পরে ফিরে এসে ক্যাশ গণনার সময় এক লাখ টাকার ১৭টি বান্ডেল, অর্থাৎ মোট ১৭ লাখ টাকা খোয়া যাওয়ার বিষয়টি জানতে পারেন। এরপর ব্যাংক কর্তৃপক্ষ থানায় অভিযোগ দায়ের করে।

তদন্ত কর্মকর্তা এসআই মাহমুদুল হাসান জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ জানতে পারে, বুথের নিরাপত্তাকর্মী আইয়ুব আলী আগে থেকেই টাকা রাখার বক্সের একটি নকল চাবি তৈরি করেছিলেন। সেই চাবি ব্যবহার করে তিনি বুথ থেকে টাকা নিয়ে রংপুরে পালিয়ে যান। ঘটনার পর নিজের মোবাইল ফোন বন্ধ করে পরিবারের সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন করেন।

পুলিশ জানায়, তদন্তে আইয়ুব আলীর কললিস্ট বিশ্লেষণ করে এক নারীর সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া যায়। সেই সূত্র ধরে জানা যায়, তিনি রংপুর মহানগর এলাকায় টাকাভর্তি ব্যাগ নিয়ে ওই নারীর সঙ্গে বিয়ের উদ্দেশ্যে অপেক্ষা করছিলেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয় এবং তাঁর ব্যাগ থেকে ১৪ লাখ ৮৪ হাজার ৮২৮ টাকা উদ্ধার করা হয়।

ওসি মো. মহিনুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আইয়ুব আলী দাবি করেছেন, লুট করা টাকার একটি অংশ তিনি খরচ করেছেন এবং কিছু অর্থ ওই নারীকে দিয়েছেন। বাকি অর্থ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তারকৃত আইয়ুব আলীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Visited ১০ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।