ঢাকাসোমবার , ৮ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

“জঙ্গল সলিমপুরে প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় বড় পদক্ষেপ, সেনাবাহিনীর তত্ত্বাবধানে শুরু ৪ সড়ক নির্মাণ”

নিজস্ব প্রতিবেদক
জুন ৮, ২০২৬ ৬:৩১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকাকে স্থায়ীভাবে প্রশাসনের নিয়ন্ত্রণে আনতে এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বৃহৎ অবকাঠামোগত উদ্যোগ গ্রহণ করেছে সরকার। উচ্চ পর্যায়ের নির্দেশনায় গত বৃহস্পতিবার থেকে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ কনস্ট্রাকশন ব্রিগেড সেখানে সড়ক নির্মাণকাজ শুরু করেছে।

সোমবার দুপুরে জঙ্গল সলিমপুর এলাকায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব তথ্য জানান ২৬ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়নের (ইসিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. কামরুল আল মাসুদ।

তিনি জানান, প্রাথমিকভাবে চারটি গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে ছিন্নমূল এলাকা থেকে আলীনগর উচ্চ বিদ্যালয় পর্যন্ত একটি সড়ক, আলীনগর–টেক্সটাইল এলাকা হয়ে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক পর্যন্ত একটি সড়ক, আলীনগর থেকে বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) সংলগ্ন ভাটিয়ারী–বালুচড়া লিংক রোড হয়ে চট্টগ্রাম–খাগড়াছড়ি মহাসড়কে সংযুক্ত আরেকটি সড়ক এবং জঙ্গল সলিমপুরের অভ্যন্তরে একটি সংযোগ সড়ক নির্মাণ করা হবে।

লেফটেন্যান্ট কর্নেল কামরুল আল মাসুদ বলেন, “জঙ্গল সলিমপুরে দীর্ঘদিন ধরে যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় নানা প্রতিবন্ধকতা ছিল। নতুন সড়কগুলো নির্মিত হলে এলাকার সাধারণ মানুষের যাতায়াত সহজ হবে, পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য সরকারি সেবার পরিধিও বৃদ্ধি পাবে।”

তিনি আরও বলেন, এসব সড়ক নির্মাণের মাধ্যমে জঙ্গল সলিমপুরকে দেশের মূলধারার যোগাযোগ নেটওয়ার্কের সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করা সম্ভব হবে। একই সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনাও আরও সহজ হবে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে অবকাঠামোগত উন্নয়নের অভাবে এলাকার মানুষ নানা ভোগান্তির শিকার হচ্ছিলেন। সেনাবাহিনীর মাধ্যমে সড়ক নির্মাণকাজ শুরু হওয়ায় তারা আশাবাদী যে, জঙ্গল সলিমপুরে উন্নয়নের নতুন দ্বার উন্মোচিত হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে জঙ্গল সলিমপুরে যোগাযোগ ব্যবস্থা, জননিরাপত্তা এবং সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে। এর মাধ্যমে দীর্ঘদিনের অবহেলিত এ অঞ্চল ধীরে ধীরে উন্নয়ন ও প্রশাসনিক ব্যবস্থাপনার মূল স্রোতে যুক্ত হবে।

Visited ৬ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।